সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে যুক্ত হলেন শায়লা বানু ঝুমুর

ওয়েলডন অ্যাপারেলস লিমিটেডের প্রতিনিধি হিসেবে সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও কর্পোরেট ব্যক্তিত্ব শায়লা বানু ঝুমুর।

সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে নতুন মনোনীত পরিচালক হিসেবে যোগ দিয়েছেন বিশিষ্ট শিল্পো উদ্যোক্তা ও কর্পোরেট ব্যক্তিত্ব শায়লা বানু ঝুমুর। গত ২৯ অক্টোবর তিনি ওয়েলডন অ্যাপারেলস লিমিটেডের প্রতিনিধি হিসেবে ব্যাংকটির পর্ষদে অন্তর্ভুক্ত হন।

শিক্ষা ও বর্ণাঢ্য কর্মজীবন

কুমিল্লায় জন্ম নেওয়া শায়লা বানু ঝুমুর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি অর্জন করেন। আন্তর্জাতিক বাণিজ্য ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠান পরিচালনায় তার রয়েছে দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময়ের সমৃদ্ধ অভিজ্ঞতা।

বর্তমানে তিনি এমএনআর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এবং শতভাগ রপ্তানিমুখী সোয়েটার প্রস্তুতকারক ওয়েলডন অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক বাণিজ্যের প্রয়োজনে বিশ্বজুড়ে ভ্রমণের অভিজ্ঞতা ও সামষ্টিক অর্থনৈতিক জ্ঞানকে কাজে লাগিয়ে তিনি বৃহৎ শিল্প পরিচালনায় সাফল্য অর্জন করেছেন।

সামাজিক ও নাগরিক সংগঠনে ভূমিকা

ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি শায়লা বানু ঝুমুর সামাজিক ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কাজের সঙ্গে গভীরভাবে যুক্ত। তিনি টানা দুই বছর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) প্যারেন্ট-টিচার অ্যাসোসিয়েশনের (পিটিএ) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি দেশের শীর্ষস্থানীয় কয়েকটি ক্লাব ও সামাজিক সংগঠনের সক্রিয় সদস্য। এর মধ্যে রয়েছে:

  • বনানী ক্লাব লিমিটেড
  • ঢাকা বোট ক্লাব লিমিটেড
  • উত্তরা ক্লাব লিমিটেড
  • পূর্বাচল লেডিস ক্লাব লিমিটেড
  • গুলশান সোসাইটি
  • গুলশান জোগার্স সোসাইটি
Views: 0