১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির ৩০ বছর মেয়াদি সময়সীমা চলতি বছরের একই তারিখে শেষ হতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে যৌথ নদী কমিশনের (জেআরসি) অধীনে রবিবার ঢাকায় বৈঠকে বসছে বাংলাদেশ ও ভারত। বিদ্যমান চুক্তির মেয়াদকালে দুদেশের যৌথ কমিটির এটিই শেষ বৈঠক হতে যাচ্ছে বলে ইউএনবিকে জানিয়েছেন এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

ভারতীয় প্রতিনিধিদলটি ইতোমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য ও যৌথ কমিটির চেয়ারম্যান মো. আনোয়ার কাদির। অন্যদিকে ৬ সদস্যের ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন ভারতের যৌথ নদী কমিশনের কমিশনার (এফএম) ও সদস্য শরদ চন্দ্র।

দুই দেশের প্রতিনিধিদলে যারা আছেন

বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য হলেন—বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (হাইড্রোলজি) ড. মো. সাজ্জাদ হোসেন, যৌথ নদী কমিশনের পরিচালক মোহাম্মদ আবু সাঈদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি মোহাম্মদ সামসুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া-১ অনুবিভাগের পরিচালক মো. বাকী বিল্লাহ এবং যৌথ নদী কমিশনের নির্বাহী প্রকৌশলী কাজী শাহিদুর রহমান।

অন্যদিকে ভারতীয় প্রতিনিধিদলে রয়েছেন সেন্ট্রাল ওয়াটার কমিশনের প্রধান প্রকৌশলী সঞ্জয় কুমার গ্যাংওয়ার, সিনিয়র জয়েন্ট কমিশনার রমেশ রাজ সামভারিয়া, আন্ডার সেক্রেটারি (আইএফডি) কানেলুরু গৌতম, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি (বিএম ডিভিশন) রেঞ্জিনা মেরি ভার্গিস এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব (পিঅ্যান্ডআই) পূজা কুমারী ঝা।

বৈঠকের লক্ষ্য ও দুই দেশের অবস্থান

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি নিয়মিত বৈঠক। যৌথ কমিটির মূল দায়িত্ব হলো বিদ্যমান চুক্তির সঠিক বাস্তবায়ন তদারকি করা। চুক্তি নবায়ন কিংবা মেয়াদ বাড়ানোর বিষয়টি এই কমিটির এখতিয়ারভুক্ত নয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নতুন দিল্লিতে এক সংবাদ সম্মেলনে জানান, গঙ্গা নদীসহ সমস্ত আন্তঃসীমান্ত নদী ও পানি সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক মাধ্যম। তিনি বলেন, “ভারতের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের সঙ্গে একটি গঠনমূলক ও প্রগতিশীল সম্পর্ক বজায় রাখতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

শুষ্ক মৌসুমের পানি ও ‘গ্যারান্টি ক্লজ’ পুনর্বহালের দাবি

কর্মকর্তা ও নদী বিশেষজ্ঞদের মতে, আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায় করা বাংলাদেশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ফলে কার্যকর নদী কূটনীতি ও ভারতের সঙ্গে গঠনমূলক আলোচনা আরও প্রয়োজনীয় হয়ে উঠেছে। বাংলাদেশ সরকার সাম্প্রতিক সময়ে শুষ্ক মৌসুমে পানির সুনির্দিষ্ট হিস্যা নিশ্চিত করতে একটি কার্যকর ‘গ্যারান্টি ক্লজ’ যুক্ত করে নতুন বা সংশোধিত চুক্তি করার ব্যাপারে সোচ্চার অবস্থান নিয়েছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি যৌথ নদী থাকলেও কেবল গঙ্গা নদীর ক্ষেত্রেই দ্বিপক্ষীয় পানি বণ্টন চুক্তি রয়েছে। চুক্তি সম্পর্কিত সার্বিক বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান সম্প্রতি জানান, আগামী দিনে বিশ্বজুড়ে পানি একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। তাই জাতীয় উন্নয়ন ভাবনায় সঠিক পানি ব্যবস্থাপনাকে অন্তর্ভুক্ত করার ওপর তিনি জোর দেন।

পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি উল্লেখ করেন, বাংলাদেশ শুধু আগের চুক্তি নবায়ন করার পক্ষে নয়, বরং শুষ্ক মৌসুমে পানির প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করে এমন নতুন বা সংশোধিত চুক্তি চায়। তিনি বলেন, “আমাদের মূল অগ্রাধিকার হবে ১৯৭৭ সালের চুক্তিতে থাকা গ্যারান্টি ক্লজটি ফেরত আনা।” উল্লেখ্য, ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে সম্পাদিত চুক্তিতে একটি সুরক্ষা ধারা ছিল—যার অধীনে ফারাক্কা পয়েন্টে গঙ্গার প্রবাহ আশঙ্কাজনকভাবে কমে গেলেও ১০ দিনের মেয়াদে বাংলাদেশ নির্ধারিত বরাদ্দের অন্তত ৮০ শতাংশ পানি পাওয়ার নিশ্চয়তা পেত।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর বলেছেন, বাংলাদেশ তার জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করবে। বিদ্যমান চুক্তিটি নবায়ন হবে নাকি নতুন করে করা হবে—এমন প্রশ্নে তিনি জানান, দেশের স্বার্থে যা সবচেয়ে কার্যকর হবে, সরকার সেটিই করবে।

মরিশাসে অনুষ্ঠিত নবম ভারত মহাসাগরীয় সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর বলেন, জনগণের মৌলিক চাহিদা মেটাতে একটি স্থায়ী ও নির্ভরযোগ্য গঙ্গা পানি চুক্তি প্রয়োজন। তিনি উল্লেখ করেন, “এটি দুদেশের আগামী ২৫ থেকে ৫০ বছরের সম্পর্কের ভিত্তি তৈরি করবে। দীর্ঘমেয়াদি জলবায়ু সহনশীলতাকে গুরুত্ব দিয়ে আমাদের সম্পর্ককে সামনে এগিয়ে নিতে হবে।”

Views: 1

Leave a Reply