পার্কিং এলাকায় ককটেল বিস্ফোরণ
সোমবার সন্ধ্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২ নম্বর গেট সংলগ্ন পার্কিং এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর সন্দেহভাজন হিসেবে এক শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
আটককৃত শিক্ষার্থীর নাম রিজওয়ান আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রাথমিক তথ্যে জানা গেছে, তিনি জবি শাখা ছাত্রলীগের একজন কর্মী।
ঘটনাস্থল ও প্রক্টরের বক্তব্য
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ২ নম্বর গেটে দাঁড়িয়ে থাকা দুটি বাসের মাঝখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। তবে বিস্ফোরণের পরপরই সেখান থেকে কাউকে সরাসরি দেখতে পাওয়া যায়নি।
ঘটনার বিবরণ দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক নাসির আহমদ জানান, সন্ধ্যায় বৃষ্টির সময় ২ নম্বর গেটের পাশে বিস্ফোরণের কথা তারা জানতে পারেন। তিনি বলেন, “ঘটনার সময় আমরা ক্যাম্পাসে ছিলাম না। এতে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।”
সন্দেহভাজনকে আটকের বিষয়ে প্রক্টর আরও জানান, বিশ্ববিদ্যালয় ছাত্রদল এক তরুণকে আটক করার পর প্রক্টরিয়াল বডি পুলিশকে বিষয়টি অবহিত করেছে।