আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের চলচ্চিত্রের অর্জনের খাতায় যুক্ত হলো নতুন সাফল্য। স্পেনে অনুষ্ঠিত এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল বার্সেলোনায় পুরস্কৃত হয়েছে বাংলাদেশের দুটি সিনেমা— ‘রইদ’ ও ‘দেলুপি’। এই বিশ্বমানের স্বীকৃতি বিশ্ব চলচ্চিত্রে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করল।
মূল বিভাগে সেরা চলচ্চিত্র ‘রইদ’
উৎসবের ‘অফিশিয়াল সিলেকশন’ বা মূল প্রতিযোগিতা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জয় করেছে মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’। সাদু ও তার স্ত্রী পাগলির মধ্যকার প্রাত্যহিক জীবনের নানা অনুভূতি, ভালোবাসা ও নীরবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। এর কেন্দ্রীয় দুটি চরিত্রে অভিনয় করেছেন মুস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি।
বার্সেলোনার এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিনেমাটির অভিনয়শিল্পী ও কুশলীরা। এর আগেও আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে ছবিটি। কানাডার মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে এটি সেরা অভিনেত্রী, সেরা চিত্রগ্রহণ ও সেরা আবহসংগীতের পুরস্কার অর্জন করে। এছাড়া ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছে ‘রইদ’। চলতি বছরের শুরুতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডামে আন্তর্জাতিক প্রিমিয়ারের পর ঈদুল আজহায় বাংলাদেশের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায়।
বিশেষ সম্মাননা পেল ‘দেলুপি’
একই উৎসবে ‘আদার নারেটিভ’ বিভাগে বিশেষ সম্মাননা (স্পেশাল মেনশন) অর্জন করেছে মোহাম্মদ তাওকীর ইসলাম পরিচালিত চলচ্চিত্র ‘দেলুপি’। দেশের বাইরে এটি চলচ্চিত্রটির অর্জনের তালিকায় নতুন এক পালক যুক্ত করেছে। এ পর্যন্ত বিশ্বের প্রায় ১০টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ‘দেলুপি’। এর আগে উত্তর আমেরিকার তাসভির ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার খেতাব জিতে নেন চিরঞ্জীত বিশ্বাস।
গত বছর বাংলাদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘দেলুপি’র গল্প গড়ে উঠেছে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জীবন বাস্তবতাকে কেন্দ্র করে। স্থানীয় রাজনীতি, ব্যক্তিগত সম্পর্ক, প্রাকৃতিক দুর্যোগ, যাত্রাশিল্পীদের জীবনসংগ্রাম এবং সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। এই ছবির সমস্ত অভিনয়শিল্পীই খুলনার স্থানীয় বাসিন্দা। ‘দেলুপি’ নির্মাণের আগে তাওকীর ইসলাম ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’-এর জন্য ব্যাপক পরিচিতি ও প্রশংসা কুড়িয়েছিলেন।
