গ্রাহকের অর্থ আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় নূর মোহাম্মদ (৫৪) নামে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের (জিপিও) এক সহকারী পোস্ট মাস্টারকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রাম বিশেষ জজ আদালত।

বৃহস্পতিবার আদালতের বিচারক মোহাম্মদ মিজানুর রহমান এক আদেশে এ রায় দেন। একই আদেশে তাকে আত্মসাৎ করা ২৯ কোটি ৩ লাখ ৯২ হাজার ৩শ টাকা অর্থদণ্ড দেন।

অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় দণ্ডিত নূর মোহাম্মদ আদালতে হাজির ছিলেন। পরে তাকে সাজা পরোয়ানা মূলে কারাগারে পাঠানো হয়।

দণ্ডিত নূর মোহাম্মদ চট্টগ্রামের বোয়ালখালী থানার খরণদ্বীপ গ্রামে মৃত দলিলুর রহমানের ছেলে। মামলার অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য চার আসামিকে বেকসুর খালাস দেন আদালত।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আদালতে দুদকের পিপি অ্যাডভোকেট মুহম্মদ কবির হোসাইন। তিনি বলেন, ২০২০ সালে দুদকের একটি মামলায় বিচার শেষে মূল আসামি নূর মোহাম্মদকে বিভিন্ন ধারায় সব মিলিয়ে ১০ বছর কারাদণ্ড, আত্মসাৎ করা ২৯ কোটি ৩ লাখ ৯২ হাজার ৩শ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় অভিযোগপত্রের অন্য চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। দণ্ডিত নূর মোহাম্মদকে সরকারি অর্থ আত্মসাতের ধারায় সর্বোচ্চ ৫ বছর সাজা দেওয়া হয়। আদালত আদেশে প্রত্যেক ধারার সাজা একত্রে কার্যকর হবে বলে উল্লেখ করেছেন। এতে তাকে সাকুল্যে ৫ বছর সাজা ভোগ করতে হবে।

মামলায় বেকসুর খালাস পাওয়া অন্যরা হলেন- চট্টগ্রাম জিপিও’র পোস্টার অপারেটর চট্টগ্রামের লোহাগাড়া থানার হাদুরপাড়া গ্রামের আইয়ুব খানের ছেলে মো. সরওয়ার আলম খান (৫৩), পোস্টাল অপারেটর নোয়াখালী জেলার সেনবাগ থানার বিরাহিত পুর আবদুল মজিদ মিয়ার বাড়ির মৃত আলত লতিফের ছেলে মো. জয়নাল আবেদীন (৫৩), পোস্টাল অপারেটর নগরীর কোতোয়ালি থানার চন্দনপুরা ভূইয়া গলির মৃত মনির আহ্মদের ছেলে মো. কবির আহমেদ (৪৫) এবং পোস্টাল অপারেটর লক্ষ্মীপুর জেলার রায়পুর থানার কেরোয়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে মো. হাসান (৪৭।

২০২০ সালের জুলাই মাসে অডিট করার সময় চট্টগ্রাম জিপিওতে গ্রাহকের ৪৫ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় নূর মোহাম্মদ এবং সরওয়ার আলম খানকে পুলিশে সোপর্দ করে ডাক বিভাগ।

এ ঘটনায় দুদক দুই আসামির বিরুদ্ধে মামলা করে। পরে তদন্তে ১০ গ্রাহকের ২৯ কোটি ৩ লাখ ৯২ হাজার ৩শ টাকা আত্মসাতের ঘটনা বেরিয়ে আসে। এসব ঘটনায় আরও তিন পোস্টাল অপারেটরের ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আদালতে ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।

এমডিআইএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল bdinf লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *