নিট মেডিকেল প্রশ্নফাঁসের ইস্যু কাটিয়ে এখন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের ঝাড়খণ্ডে আন্দোলন চলছে। ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের এই চলমান আন্দোলনের প্রতি ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছে ককরোচ জনতা পার্টি (CJP)। আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে দলটির একটি প্রতিনিধি দল এরই মধ্যে ঝাড়খণ্ডে পৌঁছেছে।
ককরোচ পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংগঠনটি সম্পূর্ণভাবে একাত্ম। শিক্ষার্থীদের সমর্থন জানাতে মুকেশ ও অক্ষয় শিন্ডের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল রাজ্যে পৌঁছেছে। তারা আন্দোলনকারীদের ‘সব ধরনের সহায়তা’ দেবে বলেও জানান তিনি।
এদিকে, নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলন অব্যাহত রয়েছে। শনিবার (৮ আগস্ট) রাজ্য সরকার আন্দোলনরত বিভিন্ন সংগঠনের সঙ্গে আলোচনা করলেও অচলাবস্থা কাটেনি। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে।
সরকারের গঠিত পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রথমে JLKM নেতা দেবেন্দ্রনাথ মাহাতোর নেতৃত্বাধীন আন্দোলনকারীদের একটি অংশের সঙ্গে বৈঠক করে। এ সময় মাহাতোর অনশন সপ্তম দিনে পৌঁছেছিল। পরে সরকার পক্ষ কংগ্রেস-সমর্থিত NSUI, আদিবাসি ছাত্র সংঘ (ACS) এবং ঝাড়খণ্ড (JCM)-এর প্রতিনিধিদের সঙ্গেও পৃথক বৈঠক করে।
সরকারের প্রতিনিধি দলের সদস্য ও রাজ্যের মন্ত্রী সঞ্জয় প্রসাদ যাদব বলেন, আন্দোলনরত পরীক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। আমরা এসব দাবি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছে তুলে ধরব।
ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) ছাত্র সংগঠন JCM সরকারের কাছে পাঁচটি দাবি জানিয়েছে। এর মধ্যে ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশনের (JPSC) ১৪তম সিভিল সার্ভিস পরীক্ষা বাতিলের দাবিও রয়েছে।
অন্যদিকে NSUI ছয়টি দাবি জানিয়েছে। সংগঠনটির মুখপাত্র সঞ্জীব শাহ বলেন, সন্দেহের মধ্যে থাকা সব JPSC ও JSSC পরীক্ষা ৯০ দিনের মধ্যে সিআইডি তদন্তের আওতায় আনা এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) আদলে ঝাড়খণ্ড টেস্টিং এজেন্সি (JTA) গঠনের দাবি জানানো হয়েছে।
আদিবাসী ছাত্র সংঘের নেতা কার্তিক ওরাঁও বলেন, নিয়োগ পরীক্ষায় আদিবাসী ও আঞ্চলিক ভাষাগুলোকে যোগ্যতামূলক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়েছে। পাশাপাশি যে-সব পরীক্ষায় অনিয়মের প্রমাণ পাওয়া গেছে সেগুলোও বাতিলের দাবি করা হয়েছে।
দেবেন্দ্রনাথ মাহাতোর নেতৃত্বাধীন JPSC-JSSC Candidates’ Forum-এর সঙ্গে সরকারের প্রথম বৈঠক প্রায় দুই ঘণ্টা চলে। বৈঠক শেষে সংগঠনটির এক নেতা বলেন, সমস্যাগুলো সমাধানে সরকার দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আশ্বাস দিয়েছে। তবে, ১৪তম JPSC পরীক্ষা বাতিলসহ সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এর আগে শুক্রবার রাতেও সরকার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছিল। তবে এসব বৈঠকের পরও শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।
সূত্র: হিন্দুস্থান টাইমস
কেএম