হত্যাচেষ্টা মামলায় সাবেক চিফ হুইপ ফিরোজকে গ্রেফতার দেখালেন আদালত
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে শিক্ষার্থী নাইম হাওলাদার হত্যা ও তারেক চৌকিদারকে হত্যাচেষ্টার মামলায় সাবেক সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে দেওয়া আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ডেমরা জোনের উপপরিদর্শক নাজিম উদ্দিন ফকির বলেন, ২০২৪ সালের ১৯ জুলাই যাত্রাবাড়ীর উত্তর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্রও ব্যবহার করা হয় বলে অভিযোগ রয়েছে।
তদন্ত কর্মকর্তার ভাষ্য, হামলার মধ্যে গুলিবিদ্ধ হন ১৭ বছর বয়সী শিক্ষার্থী নাইম হাওলাদার। তার বাম কাঁধের সামনের অংশে গুলি লাগে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেদিনই চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ছাড়া যাত্রাবাড়ী এলাকায় একটি বাসার ছাদে তারেক চৌকিদার নামে আরেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এ ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলাতেও আ স ম ফিরোজের সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তে এসেছে বলে আদালতকে জানানো হয়।
তদন্ত কর্মকর্তা আবেদনে বলেন, নাইম হত্যা মামলার ঘটনার বিস্তারিত রহস্য উদঘাটন, সংশ্লিষ্ট অন্য আসামিদের শনাক্ত ও গ্রেফতার এবং তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে শেষ করার জন্য আ স ম ফিরোজকে এ মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন।
আদালত শুনানি শেষে তাকে নাইম হাওলাদার হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন।
২০২৪ সালের ২৩ আগস্ট রাজধানীর বনানী এলাকা থেকে আ স ম ফিরোজকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
এমডিএএ/এমএএইচ/