নদীতে একে একে ডুবে গেল ৫ শিশু
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মরা পাগলা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা গ্রামে এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত শিশুদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান জানান, কয়েকজন শিশু চর চাকলা এলাকায় মরা পাগলা নদীতে গোসল করতে নামে। এ সময় একে একে পাঁচ শিশু পানিতে ডুবে যায়। পরে তাদের উদ্ধারের চেষ্টা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।
সোহান মাহমুদ/এনএইচআর