যৌথ খতিয়ানে ভূমি উন্নয়ন কর নিয়ে হয়রানি নিরসনে ৬ নির্দেশনা

0
যৌথ খতিয়ানে ভূমি উন্নয়ন কর নিয়ে হয়রানি নিরসনে ৬ নির্দেশনা

যৌথ মালিকানার খতিয়ানে ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে হয়রানি ও জটিলতা নিরসনে ছয়টি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। যৌথ খতিয়ানের সম্পূর্ণ ভূমির কর একসঙ্গে পরিশোধ করা সম্ভব না হলে বণ্টননামার মাধ্যমে পৃথক খতিয়ান সৃজনের সুযোগ রাখা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরমেন্স (ডিকেএমপি) অনুবিভাগ থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হয়।
পরিপত্রে বলা হয়, বর্তমানে যৌথ মালিকানার খতিয়ানের সম্পূর্ণ ভূমির ভূমি উন্নয়ন কর একসঙ্গে পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে। ফলে হিস্যা অনুযায়ী খতিয়ানের এক বা একাধিক মালিকের জমির ভূমি উন্নয়ন কর বা খতিয়ানের আংশিক জমির কর পরিশোধের সুযোগ নেই।
‘ভূমি উন্নয়ন কর আইন, ২০২৩’-এর ৬(৩) ধারায় বলা হয়েছে, উত্তরাধিকারসূত্রে বা অন্য কোনোভাবে হস্তান্তরের ফলে ভূমির মালিকানা একাধিক ব্যক্তির ওপর বর্তালে এবং তারা জমা খারিজ করে পৃথক নামজারি না করলে ওই ভূমি একই খতিয়ানভুক্ত গণ্যে তার ভূমি উন্নয়ন কর নির্ধারণ করতে হবে।
পরিপত্রে বলা হয়, এ বিধানের কারণে খতিয়ানের সব মালিক ভূমি উন্নয়ন কর পরিশোধে আগ্রহী না হলে এক বা একাধিক মালিক তাদের হিস্যা অনুযায়ী মালিকানাধীন জমির কর পৃথকভাবে পরিশোধ করতে পারেন না। আবার যৌথ খতিয়ানের এক বা একাধিক মালিকের পক্ষে পুরো ভূমির কর পরিশোধ করাও কঠিন এবং তা যৌক্তিক বা সমীচীন নয়।
এতে কোনো মালিক হিস্যা অনুযায়ী তার মালিকানাধীন অংশ হস্তান্তর বা অন্য কোনো প্রয়োজনে ভূমি উন্নয়ন কর দিতে না পারায় হয়রানির শিকার হচ্ছেন বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে। এ জটিলতা নিরসনেই ছয়টি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের ছয় নির্দেশনা
১. অনিবার্য কারণে যৌথ মালিকানার খতিয়ানের সম্পূর্ণ ভূমির ভূমি উন্নয়ন কর একসঙ্গে পরিশোধ করা সম্ভব না হলে ভূমি উন্নয়ন কর পরিশোধ বা দাখিলা ছাড়াই রেজিস্টার্ড বণ্টননামা দলিল বা আদালতের মাধ্যমে বণ্টননামা করা যাবে।
২. বণ্টননামার ভিত্তিতে যৌথ মালিকানার খতিয়ানের এক বা একাধিক মালিক ভূমি উন্নয়ন কর পরিশোধ ছাড়াই একক বা পৃথক খতিয়ান সৃজনের জন্য নামজারির আবেদন করতে পারবেন।
৩. মালিকানার সঠিকতা যাচাই করে সহকারী কমিশনার (ভূমি) ভূমি উন্নয়ন কর আদায় বা দাখিলা ছাড়াই নামজারির আবেদন মঞ্জুর করতে পারবেন।
৪. নতুন সৃজিত খতিয়ানের মালিককে তার হিস্যা অনুযায়ী পূর্বতন যৌথ খতিয়ানের ভূমি উন্নয়ন করের বকেয়া প্রযোজ্য হারে এবং হালদাবি পরিশোধ করে দাখিলা নিতে হবে।
৫. যৌথ খতিয়ান থেকে বণ্টননামার মাধ্যমে নামজারি করে পৃথক খতিয়ান সৃজন ছাড়া কোনো মালিক এককভাবে তার অংশের ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন না।
৬. এ লক্ষ্যে অনলাইন ও অটোমেটেড ভূমিসেবা সিস্টেমে প্রয়োজনীয় পরিবর্তন আনতে বা মডিউল সংযোজন করতে হবে।
আরএমএম/এমএএইচ/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *