এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের, যোগ দেননি কয়েকজন

0
এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের, যোগ দেননি কয়েকজন

এশিয়ান গেমসের ক্রিকেট সামনে রেখে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। রোববার থেকে শুরু হওয়া ক্যাম্পে স্কোয়াডের বেশ কয়েকজন ক্রিকেটার অনুপস্থিত ছিলেন। বিভিন্ন কারণে তাদের কেউ পরে দলের সঙ্গে যোগ দেবেন, আবার কেউ এখনো দেশের বাইরে রয়েছেন।
ছুটিতে থাকা পেসার শরিফুল ইসলাম ১৫ সেপ্টেম্বর দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে। অন্যদিকে ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে খেলা হাসান মাহমুদ এখনো দেশে ফেরেননি।
বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে থাকা ক্রিকেটাররাও প্রথম দিনের ক্যাম্পে ছিলেন না। দুই ম্যাচের চার দিনের সিরিজ ও তিন ম্যাচের আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজ শেষ করে আজই দেশে ফেরার উদ্দেশে দক্ষিণ আফ্রিকা ছাড়ার কথা রয়েছে তাদের।
এবারের এশিয়ান গেমস বসবে জাপানের আইচি ও নাগোয়ায়। ২০তম আসরটি চলবে ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে ২৪ সেপ্টেম্বর।
র‍্যাঙ্কিংয়ের সুবাদে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে। ফলে গ্রুপ পর্বে খেলতে হবে না টাইগারদের। ২৯ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল।
‘বি’ গ্রুপে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান। এই তিন দলের লড়াই থেকে যে দল গ্রুপসেরা হবে, কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা।
এশিয়ান গেমসের আগে তাই হাতে থাকা সময়টুকু কাজে লাগিয়ে পূর্ণ স্কোয়াড নিয়ে প্রস্তুতি সারাই এখন বাংলাদেশের লক্ষ্য। দেশের বাইরে থাকা ক্রিকেটাররা ফিরলে অনুশীলনে দলের শক্তি আরও বাড়বে।
এসকেডি/এমএমআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *