১৫ দিনের সফরে জামায়াত নেতা সেলিম উদ্দিন, যাবেন ৪ দেশে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়রপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন ১৫ দিনের সফরে দেশের বাইরে গেছেন।
সফরের শুরুতে তিনি মালয়েশিয়া যাবেন। এরপর পর্যায়ক্রমে ফিলিপাইন ও তুরস্ক সফর করবেন। পরে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। ওমরাহ পালন শেষে দেশে ফেরার কথা রয়েছে তার।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আতাউর রহমান সরকার এ তথ্য জানান।
বিদেশ সফর উপলক্ষে দেশবাসীসহ সবার কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি মহান আল্লাহ তাআলার কাছে তার সফরকে নিরাপদ, সুন্দর ও কল্যাণময় করার পাশাপাশি প্রতিটি কাজে বরকত দানের জন্য দোয়া প্রার্থনা করেন।
তাকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মো. নাজিম উদ্দীন মোল্লা।
সফর শেষে আগামী ৩০ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
এমইউ/এমএএইচ/