সংসদ সচিবালয় পুনঃগঠনে বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগের সুপারিশ সংসদীয় কমিটির

বাংলাদেশ সংসদ সচিবালয় কাঠামোগতভাবে পুনর্গঠন এবং একটি পৃথক ‘বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিস’ গড়ে তুলতে ২ থেকে ৩ জন বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগের সুপারিশ করেছে একটি সংসদীয় কমিটি।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এই গুরুত্বপূর্ণ প্রস্তাবটি করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

১৭১টি পদে দ্রুত নিয়োগের সিদ্ধান্ত

বৈঠকে জানানো হয়, সংসদ সচিবালয়ের শূন্য হয়ে থাকা ১৭১টি পদে নিয়োগ প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। যত দ্রুত সম্ভব এই নিয়োগ শেষ করার পরিকল্পনা করা হয়েছে।

নিয়োগের বিবরণ অনুযায়ী:

  • প্রথম ও দ্বিতীয় শ্রেণির মোট ১৬টি পদ পূরণ করা হবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) মাধ্যমে।
  • বাকি ১১ থেকে ২০তম গ্রেডের ১৫৫টি পদে সরাসরি নিয়োগ দেবে সংসদ সচিবালয়।

ইউএনডিপির পরামর্শ ও কমিটির অন্যান্য সিদ্ধান্ত

বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগের সার্বিক বিষয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে যোগাযোগ ও পরমর্শ করার নির্দেশ দিয়েছে কমিটি। বৈঠকের প্রারম্ভে প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে প্রথম বৈঠকের কার্যবিবরণী অনুমোদন করা হয়।

উক্ত সভায় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, মো. সেলিম রেজা এবং মোসাম্মাৎ শাম্মী আক্তার উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় অংশ নেন।

Views: 0