রাষ্ট্রপতির অপেক্ষায় ঠাকুরগাঁও
দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে দুই দিনের সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর নিজ জেলায় এটি তার প্রথম সরকারি সফর।
রোববার (৬ সেপ্টেম্বর) সফরের প্রথম দিনে বাবা-মায়ের কবর জিয়ারত, নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান ও স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন রাষ্ট্রপতি। পরদিন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করে ঢাকায় ফিরবেন তিনি। রাষ্ট্রপতিকে বরণ করে নিতে সাজ সাজ রব বিরাজ করছে ঠাকুরগাঁও জুড়ে।
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আসবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘরের ছেলেকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে জেলাবাসী। রাষ্ট্রপতির আগমনের বার্তা নিশ্চিত হওয়ার পর গত এক সপ্তাহ ধরে শহরজুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা, সড়কের শৃঙ্খলা রক্ষা এবং সড়ক দৃষ্টিনন্দন করতে রঙের কাজ। চারদিকে যেন উৎসবের আমেজ বিরাজ করছে।
সাবেক ফুটবলার রনি বলেন, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো রাষ্ট্রপতি হিসেবে ঠাকুরগাঁওয়ে আসবেন, এমন খবর ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সংবর্ধনাস্থলে দৃষ্টিনন্দন মঞ্চ তৈরা এবং শহরকে সার্বিক নিরাপত্তার চাদরে মুড়িয়ে ঘরের ছেলেকে অতি যত্নে আলিঙ্গন করতে প্রস্তুত জেলাবাসী।
জানা যায়, সফরের প্রথম দিন হেলিকপ্টারে ঠাকুরগাঁও পৌঁছে জেলা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করার কথা রয়েছে রাষ্ট্রপতির। এরপর শহরের সেনুয়া গোরস্তানে গিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন তিনি। পরে নিজ বাসভবনে কিছু সময় কাটাবেন।
এরপর বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতিকে বরণ করে নিতে সংবর্ধনা আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। দলমত নির্বিশেষে মহামান্য রাষ্ট্রপতিকে সম্মান জানানো হবে বলে জানিয়েছেন নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু মো. খায়রুল কবির।
সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর, ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের জামালপুর এলাকায় ঠাকুরগাঁওয়ের মানুষের বহুল প্রত্যাশিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে রাষ্ট্রপতির। সফর শেষে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি।
রাষ্ট্রপতির সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মো. বেলাল হোসেন।
তানভীর হাসান তানু/এফএ