তিন দিনের সফরে ঢাকায় সিপিসির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইসিং

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছেছেন। সফরকালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি তিনি একাধিক রাজনৈতিক সংলাপ ও দ্বিপক্ষীয় কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, মঙ্গলবার রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিউ হাইসিং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার কামরুল ইসলামসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তা।

প্রথম দিনের ব্যস্ত সফরসূচি

বুধবার সকাল ৮টা ২০ মিনিটে শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার ও সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে লিউ হাইসিং তাঁর আনুষ্ঠানিক সফরসূচি শুরু করবেন।

এরপর সকাল ১০টায় তিনি বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই বৈঠকে তাঁর সঙ্গে প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত থাকবেন। প্রতিনিধিদলে রয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউয়িন, সিপিসির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিউরোর মহাপরিচালক পং সিউবিন, তথ্য ও যোগাযোগ বিউরোর মহাপরিচালক হু ঝাওমিং, দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া বিউরোর উপ-মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তা লি জিনিয়ান, একই বিউরোর পরিচালক ওয়াং সিছি এবং মন্ত্রীর সহকারী লিউ চেংসিয়াও। এছাড়া দোভাষী শি মেইছি এবং কর্মকর্তা চেন ইয়ংপেই, ঝাং গুয়ু, লিউ হংরু ও হে ইয়িয়াং এই প্রতিনিধিদলে রয়েছেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সকাল ১১টায় তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে বঙ্গভবন পরিদর্শন শেষে রাষ্ট্রপতির আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন তিনি।

রাজনৈতিক ও নানা কর্মসূচি

দুপুর ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে ‘যেখানে ইতিহাস ভবিষ্যৎকে আলোকিত করে: চীন-বাংলাদেশ রাজনৈতিক দল প্লাস’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় যোগ দেবেন লিউ হাইসিং। এই অনুষ্ঠানে তিনি ‘বাংলাদেশ-চীন সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্নেন্স স্টাডিজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

অপরাহ্ণ ৩টা ৪৫ মিনিটে চীনা প্রতিনিধিদলটি বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শন করবে। পরবর্তীতে তিনি ঢাকায় সাবেক ও বর্তমান চীনা দূতাবাস ভবন পরিদর্শন করবেন।

সন্ধ্যা ৭টায় পান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর আয়োজিত নৈশভোজে অংশ নেবেন তিনি।

সফরের শেষ দিনের আয়োজন

সফরের শেষ দিন বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে লিউ হাইসিং শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে জীবনজীবিকা সহায়তা বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর স্টেট গেস্ট হাউস পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে প্রাতরাশ বৈঠকে মিলিত হবেন।

সমস্ত আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে চীনা প্রতিনিধিদলটির ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

Views: 0