তিন দিনের এক সরকারি সফরে বাংলাদেশে পৌঁছেছেন চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লিউ হাইসিং। মঙ্গলবার রাতে ঢাকায় এসে পৌঁছান তিনি। সফরকালে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে পৃথক সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া রাজনৈতিক সংলাপ ও চীন-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর আয়োজিত একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, মঙ্গলবার রাত ১১টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন চীনা প্রতিনিধিদলের প্রধান লিউ হাইসিং।
বিমানবন্দরে চীনা প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার কামরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সফরের দ্বিতীয় দিনের ব্যস্ত কর্মসূচি
বুধবার সকাল ৮টা ২০ মিনিটে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে লিউ হাইসিং তাঁর দিনের কর্মসূচি শুরু করবেন।
এরপর সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। প্রধানমন্ত্রীর সাথে এ বৈঠকে চীনা প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত থাকবেন ঢাকায় চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ড. লিউ ইউয়িন, সিপিসি আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া বিষয়ক ব্যুরোর মহাপরিচালক পেং সিউবিন, তথ্য ও যোগাযোগ ব্যুরোর মহাপরিচালক হু ঝাওমিং, উপ-মহাপরিচালক স্তরের কর্মকর্তা লি জিনইয়ান, পরিচালক ওয়াং সিকি, মন্ত্রীর সহকারী লিউ চেংশেয়াও, দোভাষী শি মেইকি এবং সংশ্লিষ্ট অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে সকাল ১১টায় বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করবেন লিউ হাইসিং। বঙ্গভবন পরিদর্শন শেষে তিনি রাষ্ট্রপতির আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।
রাজনৈতিক সংলাপ ও অন্যান্য আয়োজন
বুধবার দুপুর ২টা থেকে বেলা ৩টা ৩০ মিনিট পর্যন্ত রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে ‘হোয়ার হিস্ট্রি ইলুমিনেটস দ্য ফিউচার: চায়না-বাংলাদেশ পলিটিক্যাল পার্টিজ প্লাস’ শীর্ষক গোলটেবিল আলোচনায় অংশ নেবেন লিউ হাইসিং। একই অনুষ্ঠানে তিনি ‘বাংলাদেশ-চায়না সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভার্নেন্স স্টাডিজ’-এর শুভ উদ্বোধন করবেন।
বিকেল ৩টা ৪৫ মিনিটে তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘর পরিদর্শন করবেন। এরপর ঢাকায় চীনের সাবেক ও বর্তমান দূতাবাস ভবন এলাকা ঘুরে দেখবেন। সন্ধ্যায় ৭টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর আয়োজিত নৈশভোজে যোগ দেবেন তিনি।
সফরের শেষ দিন ও ঢাকা ত্যাগ
সফরের শেষ দিন বৃহস্পতিবার সকাল ৮টা ৪৫ মিনিটে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে এক জীবিকা সহায়তা বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন লিউ হাইসিং। পরবর্তীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাথে প্রাতরাশ বৈঠকে মিলিত হবেন তিনি।
কর্মসূচি সম্পন্ন করে বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকার ত্যাগ করার কথা রয়েছে চীনা প্রতিনিধি দলপ্রধানের।

