মাধবপুরে পাইপলাইন কেটে ৪,২৯২ লিটার কনডেনসেট চুরি, সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জাতীয় গ্রিডের পাইপলাইন কেটে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক এক সদস্যসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) উপ-ব্যবস্থাপক জায়েদ হোসেন বুধবার রাতে মাধবপুর থানায় মামলাটি দায়ের করেন। এতে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ৫০ বছর বয়সী ইসলাম উদ্দিনকে প্রধান আসামি করা হয়েছে।

ঘটনাস্থল থেকে চুরির সরঞ্জাম উদ্ধার

পুলিশ ও জিটিসিএল সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উত্তর নোয়াপাড়া এলাকার রতনপুর ডাক্তার বাড়ির গেট সংলগ্ন পাইপলাইনে ফুটো দেখতে পান জিটিসিএল-এর নিরাপত্তা কর্মীরা। এ সময় পাইপলাইনের কাছাকাছি ৫-৬ জন সন্দেহভাজন ব্যক্তিকে ঘুরে বেড়াতে দেখা যায়। নিরাপত্তা কর্মীরা এগিয়ে গেলে তারা সটকে পড়ার চেষ্টা করে। পরবর্তীতে পাইপলাইন পরীক্ষা করে দেখা যায়, বর্ধিত হোসপাইপ ব্যবহার করে কনডেনসেট সরিয়ে নেওয়া হচ্ছিল।

জিটিসিএল-এর নিরাপত্তা টিমের সুপারভাইজার দুলাল মিয়া জানান, ঘটনার সময় সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনকে সেখানে ঘুরে বেড়াতে দেখা যায়। তিনি নিরাপত্তা কর্মীদের পাইপলাইনের দিকে এগোতে বাধা দেওয়ার চেষ্টাও করেন।

পুকুর ও বাড়ি থেকে মাটির নিচের গোপন ট্যাংক জব্দ

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। জব্দকৃত তালিকার মধ্যে রয়েছে একটি ৬ ইঞ্চির ক্ল্যাম্প, ১ ইঞ্চির একটি জিআই পাইপ এবং দুটি বল ভালভ।

এছাড়া ইসলাম উদ্দিনের বাড়ির পাশের পুকুর ও আশপাশের এলাকা থেকে চুরি করা জ্বালানি রাখার দুটি বড় পানির ট্যাংক উদ্ধার করা হয়। একই সাথে তার বসতবাড়িতে তেল মজুদের জন্য বিশেষভাবে তৈরি দুটি গোপন ভূগর্ভস্থ পিট বা ট্যাংকের সন্ধান পেয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আর্থিক ক্ষতি ও নিরাপত্তার ঝুঁকি

জিটিসিএল আশুগঞ্জ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (নিরাপত্তা) মোনিরুল ইসলাম জানান, সাবেক ইউপি সদস্যসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘ দিন ধরে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

জিটিসিএল উপ-ব্যবস্থাপক জায়েদ হোসেন জানান, গত দুই দিনে পাইপলাইন থেকে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৬ হাজার ৯২০ টাকা। ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি ইতোমধ্যে মেরামত করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করতে তথ্য সংগ্রহের কাজ চলছে।

প্রতিষ্ঠানটির উপ-সহকারী প্রকৌশলী শামীম হাসান জানান, বিশেষায়িত যন্ত্রাংশ ব্যবহার করে পাইপলাইন ফুটো করার পর কনডেনসেট সরিয়ে বিভিন্ন স্থানে পাচার করা হতো। এ ধরনের কর্মকাণ্ডে একদিকে যেমন বড় ধরনের আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে পাইপলাইনের নিরাপত্তা ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে।

এ বিষয়ে মন্তব্যের জন্য অভিযুক্ত ইসলাম উদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগের একাধিক চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, জিটিসিএল-এর লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উপ-পরিদর্শক (এসআই) শামছু উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছেন। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Views: 0