চুয়াডাঙ্গায় বদ্ধ ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগরে বদ্ধ ঘর থেকে রবিউল ইসলাম (৩০) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার উথলী বাজারপাড়া, রেলস্টেশন সংলগ্ন একটি ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত রবিউল ইসলাম উথলী গ্রামের বাজারপাড়ার সালাম মোল্লার ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার দিনভর ওই এলাকা থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে মরদেহের দুর্গন্ধ সন্দেহে রাত সাড়ে ১১টার দিকে উথলী বাজারের এক ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ বদ্ধ ঘরের দরজার ফাঁক দিয়ে ভেতরে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে দরজা খুলে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রবিউল দীর্ঘদিন ধরে ওই এলাকায় একা বসবাস করতেন। বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি। পারিবারিকভাবে বিচ্ছিন্ন হয়ে একাকী জীবনযাপন করছিলেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ঘরের ভেতর মরদেহের অধিকাংশ অংশ পচে-গলে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতে ময়নাতদন্তের জন্য মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হোসাইন মালিক/এএইচ