দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের পর এবার ১৬ সদস্যের সহায়ক কমিটি গঠন করেছে। সাতটি চেম্বার ও নয়টি ব্যবসায়ী সংগঠনের নেতারা সহায়ক কমিটিতে স্থান পেয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক এই সহায়ক কমিটি গঠন করেন। এর আগে গত রোববার (২ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে এফবিসিসিআইয়ের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন।
সহায়ক কমিটিতে চেম্বার গ্রুপ থেকে সদস্য হয়েছেন ঢাকা চেম্বারের তাসকিন আহমেদ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক, রাজশাহী চেম্বারের সভাপতি মো. হাসেন আলী, বরিশাল চেম্বারের সভাপতি এবায়েদুল হক, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি কামরান টি রহমান, রংপুর চেম্বারের সভাপতি এমদাদুল হোসেন এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সংগীতা আহমেদ।
অন্যদিকে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহায়ক কমিটির সদস্য হয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বস্ত্রকলের মালিকদের সংগঠন বিটিএমএর সভাপতি শওকত আজিজ, পাটকলের মালিকদের সংগঠন বিজেএমএর সভাপতি মো. আবুল হোসেন, ওষুধ শিল্প সমিতির সভাপতি আবদুল মুক্তাদির, ব্যাংক–মালিকদের সংগঠন বিএবির সভাপতি আবদুল হাই সরকার, নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, প্লাস্টিকপণ্য প্রস্তুত ও রপ্তানিকারক মালিকদের সংগঠন বিপিজিএমইএর সভাপতি শামীম আহমেদ, আবাসন শিল্পের মালিকদের সংগঠন রিহ্যাবের সভাপতি আলী আফজাল এবং ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (এফএলএএক্সএ) সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর।
সহায়ক কমিটি গঠনের এক চিঠিতে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী এই সহায়ক কমিটি গঠন করা হয়েছে। এর আগেও প্রশাসকরা এফবিসিসিআইয়ে সহায়ক কমিটি গঠন করেছিলেন।
গত ২৬ জুলাই মো. ফজলুল হককে ১২০ দিনের জন্য এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এর আগে গত ২৭ জুন সাবেক প্রশাসক আবদুর রহিম খানের মেয়াদ শেষ হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে তৎপর হয় সংগঠনটির সদস্যদের একাংশ। এরই পরিপ্রেক্ষিতে সভাপতি পদ থেকে মাহবুবুল আলম পদত্যাগ করেন। পরে ওই বছরের ১১ সেপ্টেম্বর ফেডারেশনের পর্ষদ বাতিল করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য মো. হাফিজুর রহমানকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। সাবেক প্রশাসক হাফিজুর রহমান সহায়ক কমিটি গঠন করেছিলেন।
ইএইচটি/এমআইএইচএস/

Leave a Reply