ব্রহ্মপুত্রের স্রোতে নৌকার পাটাতন তুলতে গিয়ে কৃষক নিখোঁজ
[ad_1]
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে ভেসে যাওয়া একটি নৌকার পাটাতন তুলতে গিয়ে সাইফুল ইসলাম (৫৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। বুধবার (৫ আগস্ট) দুপুরে উপজেলার উচাখিলা ইউনিয়নের বটতলা বালুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ সাইফুল ইসলাম উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর টানমলামারি গ্রামের বাসিন্দা। তিনি ইদ্রিস আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে ব্রহ্মপুত্র নদের স্রোতে একটি নৌকার পাটাতন ভেসে যাচ্ছিল। সেটি উদ্ধারের উদ্দেশ্যে নদে নামেন সাইফুল ইসলাম। এ সময় তীব্র স্রোতের কবলে পড়ে তিনি পানিতে তলিয়ে যান।
স্থানীয় ইউপি সদস্য আবুল বাশার ও ইব্রাহীম খলিল বলেন, নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই স্রোতের টানে সাইফুল ইসলাম নিখোঁজ হন। পরে স্থানীয়রা নৌকা নিয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান পাননি। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি দল না থাকায় ময়মনসিংহ ফায়ার সার্ভিস স্টেশন থেকে লিডার জলিলের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৫টার দিকে উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টা ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও নিখোঁজ কৃষকের কোনো সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যার পর উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন, খবর পাওয়ার পর ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পাঠানো হয়। কয়েক ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করেও সাইফুল ইসলামের সন্ধান পাওয়া যায়নি। রাত হয়ে যাওয়ায় অভিযান আপাতত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হবে।
হোসাইন সুলভ/এনএইচআর/এএসএম
[ad_2]