৫ আগস্টে নিষিদ্ধ সংগঠনের গতিবিধি গোয়েন্দা নজরদারি করবে র‍্যাব

Written by

in


জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠান কেন্দ্র করে উগ্রবাদী ও নিষিদ্ধ সংগঠনের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র‍্যাব-২। দিবসটি ঘিরে এসব সংগঠনের গতিবিধির ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হবে বলে জানিয়েছে বাহিনীটি।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে র‍্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।

তিনি জানান, ৫ আগস্ট চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভায় রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন। একই দিনে শেরেবাংলা নগরে জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ দুটি অনুষ্ঠান ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ২১২ সদস্যের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

নিষিদ্ধ সংগঠন, উগ্রবাদী গোষ্ঠী কিংবা রাষ্ট্রবিরোধী কোনো মহল যাতে নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারির পাশাপাশি অনুষ্ঠানস্থলের প্রবেশ ও বহির্গমন পথে চেকপোস্ট, রোবাস্ট পেট্রোলিং, সার্বক্ষণিক টহল, মোটরসাইকেল পেট্রোলিং এবং ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।

এছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা এসএসএফের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তা কার্যক্রম পরিচালনা, ডগ স্কোয়াড ও বোম্ব স্কোয়াড মোতায়েন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে সাইবার সিকিউরিটি টিম কাজ করবে বলেও জানানো হয়েছে।

মেজর এম মুবীন রহমান তাপস আরও জানান, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সব সরকারি, বেসরকারি ও সামাজিক অনুষ্ঠানের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাহিনীটি বদ্ধপরিকর। যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে র‍্যাব সর্বদা প্রস্তুত রয়েছে।

একই সঙ্গে কোনো সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে নিকটস্থ র‍্যাব ক্যাম্প অথবা র‍্যাব-২-এর হটলাইন নম্বরে ‘০১৭৭৭৭১০২৯৯’ তথ্য দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

টিটি/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল bdinf লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *