ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে তৈরি পোশাক (আরএমজি) খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্বিন্যাসের লক্ষ্যে অবিলম্বে মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।
মঙ্গলবার (৪ আগস্ট) ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিলের (আইবিসি) সভাপতি কুতুব উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক বাবুল আখতারের সই করা এক চিঠিতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে এ দাবি জানানো হয়।
চিঠিতে বলা হয়, সাম্প্রতিক বছরগুলোতে খাদ্যপণ্য, বাসাভাড়া, চিকিৎসা, শিক্ষা, পরিবহন এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় ব্যয়ের ধারাবাহিক ঊর্ধ্বগতির ফলে গার্মেন্টস শ্রমিকদের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিদ্যমান ন্যূনতম মজুরি দিয়ে একটি শ্রমিক পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এ বাস্তবতায় শ্রমিকদের জন্য সময়োপযোগী ও ন্যায্য মজুরি নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি।
চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রতি তিন বছর অন্তর পুনর্বিন্যাসের বিধান রয়েছে। এই আইন প্রণয়নের উদ্দেশ্য ছিল মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, উৎপাদনশীলতা এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নিয়মিত মজুরি পর্যালোচনা নিশ্চিত করা। সে অনুযায়ী পরবর্তী মজুরি পুনর্বিন্যাসের কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করতে এখনই মজুরি বোর্ড পুনর্গঠন করা প্রয়োজন বলে আইবিসি মনে করে।
সংগঠনটি আরও জানায়, দেশের তৈরি পোশাক শিল্প দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস এবং অর্থনীতির অন্যতম ভিত্তি। এই শিল্পের টেকসই প্রবৃদ্ধি, উৎপাদনশীলতা, শিল্পে স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে শ্রমিকদের জন্য একটি জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ন্যায্য মজুরি নিশ্চিত করা অপরিহার্য। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত হলে কর্মপরিবেশে স্থিতিশীলতা বৃদ্ধি পাবে, দক্ষ জনশক্তি ধরে রাখা সহজ হবে এবং শিল্পের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতামূলক সক্ষমতাও শক্তিশালী হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি) আন্তর্জাতিক শ্রমিক সংগঠন ইন্ডাস্ট্রিঅল গ্লোবাল ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশের ১৯টি জাতীয় ফেডারেশনের সমন্বয়ে গঠিত। এর মধ্যে ১৬টি ফেডারেশন সরাসরি গার্মেন্টস খাতের শ্রমিকদের প্রতিনিধিত্ব করে এবং দেশের তৈরি পোশাক শিল্পে কর্মরত বিপুলসংখ্যক শ্রমিকের অধিকার, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
আইবিসি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং বিদ্যমান শ্রম আইনের বিধান বিবেচনায় নিয়ে গার্মেন্টস শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্বিন্যাসের লক্ষ্যে অবিলম্বে মজুরি বোর্ড পুনর্গঠন এবং প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা উচিত।
সংগঠনটির মতে, এটি শুধু শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করবে না, বরং দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী শিল্পের টেকসই উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় করবে।
আইএইচও/এমআইএইচএস/

Leave a Reply